


বলিউড তারকা ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ‘ছাবা’সিনেমার ট্রেলারে দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তবে এ সিনেমার শুটিংয়ে ক্যামেরার পেছনের কাহিনি জানলে শিউরে উঠবেন! সিনেমাটির সেটে রাতভর ভিকিকে দড়ি দিয়ে বেঁধে রাখেন পরিচালক লক্ষ্মণ উতরেকার। এতে অভিনেতার এমন মারাত্মক অবস্থা হয়, ফলে তাকে এক-দেড় মাস ভুগতে হয়েছিল। এমনকি ভিকি কোনো শুটিংও করতে পারেননি।
অভিনেতার উপর কেনো এমন ‘নির্যাতন’চালানো হয়েছে- এ আসল রহস্য জানার জন্য সবাই মুখিয়ে রয়েছেন। আসলে যে কোনো চরিত্র নিজের মধ্যে ধারণ করতে ম্যাথড অ্যাক্টিংয়ে বিশ্বাসী ভিকি কৌশল। ‘ছাবা’সিনেমার সেটেও এমন এক মারাত্মক কাণ্ড ঘটে, যা তার অভিনয়ের প্রতি নিষ্ঠার উদাহরণ। নেপথ্যের কাহিনি জানলে অভিনেতাকে শ্রদ্ধা জানাতে মন চাইবে। ঠিক কী ঘটেছিল? এ বিষয়ে জানালেন নির্মাতা লক্ষ্মণ।
সম্ভাজির উপর মারাত্মক নির্যাতন হচ্ছে, এমন এক দৃশ্যের শুটিং ছিল। আর সেই দৃশ্যেই ভিকির চোখেমুখে আর্তি, কষ্টের অভিব্যক্তি ফুটিয়ে তুলতে রাতভর বেঁধে রাখা হয় তাকে। পরদিন ভোরে যখন দড়ি খোলা হয়, দেখা যায় ভিকি কৌশলের দু হাত তখন অবশ হয়ে পড়েছে। কিছুতেই হাত নিচে নামাতে পারছেন না। শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখার ফলে অভিনেতার হাতে এমন চোট লাগে যে, আগামী এক থেকে দেড় মাস শুটিং পিছিয়ে যায়।
ছত্রপতি শিবাজি ভারতের মহারাষ্ট্রের আবেগ ও অনুভূতির নাম। এবার তার ছেলের গৌরবময় রাজ্যপাটের কাহিনি যখন পর্দায় প্রথমবার ফুটে উঠবে, তখন তার উপর যে সবার চোখ থাকবে, সেটাই স্বাভাবিক। সম্প্রতি ‘জয় ভবানী’ ধ্বনিতে ‘ছাবা’সিনেমার ট্রেলার প্রকাশ্যে নিয়ে এসেছেন ভিকি কৌশল। এতে দেখা গেল সম্ভাজির সেই তেজ। যেখানে একা হাতে তাকে শত্রুদমন করতে দেখা গেল।

অন্যদিকে আওরঙ্গজেবের ভূমিকায় অক্ষয় খান্না আরও বেশি আলোড়ন ফেলে দিয়েছেন। যেশুবাঈয়ের ভূমিকায় অভিনয় করার পর রাশমিকা মান্দানা বলছেন, ‘এরপর সিনেমা থেকে বিদায় নিলেও আর কোনো আক্ষেপ থাকবে না, এমন একটা চরিত্রে অভিনয় করেছি।’