


গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পরম সুন্দরী’ ছবির টিজার নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। প্রাথমিকভাবে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের রসায়নের প্রশংসা হলেও আনুষ্ঠানিকভাবে ৫৬ সেকেন্ডের টিজার প্রকাশের পর নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই ছবির গল্প নিয়ে হতাশা প্রকাশ করেছেন, এমনকি ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির সঙ্গেও মিল খুঁজে পাচ্ছেন অনেকে।
কেউ কেউ ‘পরম সুন্দরী’র সঙ্গে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত জনপ্রিয় ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রচুর মিল খুঁজে পেয়েছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘এই সিনেমাটি দেখেই যেন মনে হচ্ছে এটি Gen Z চেন্নাই এক্সপ্রেস।’ আরেকজন সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘আমরা কিন্তু চেন্নাই এক্সপ্রেস দেখেছি, এটা কি দেখার দরকার আছে?’
তবে টিজার দেখে অভিনেতা-অভিনেত্রীর প্রশংসাও করেছেন অনেকে। দুজনকেই ভীষণ সুন্দর দেখতে লাগছে বলে মন্তব্য করেছেন তারা। একজন আশা প্রকাশ করে লিখেছেন, ‘দয়া করে অন্য সিনেমার গল্প দেখাবেন না। ভালো রোমান্টিক কমিক গল্পের জন্য দুর্দান্ত অভিনয় স্কিল প্রয়োজন হয় না। তবে দুজনকেই ভীষণ সুন্দর লাগছে।’