


সরকারি তত্ত্বাবধানে ঈদ মেলার নামে ঠাকুরগাঁওয়ের বলাকা উদ্যান পার্কে চলছে এক অভিনব জুয়ার আসর। র্যাফেল ড্রয়ের মোড়কে হাজার হাজার মানুষকে ঠকিয়ে চলছে এই বেআইনি কার্যক্রম। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন এসব দেখেও নীরব ভূমিকা পালন করছে।
পার্কের প্রবেশদ্বারে টিকিট বিক্রির মাধ্যমে লটারির কথা থাকলেও বাস্তবে এর ব্যাপ্তি ঠাকুরগাঁও জেলা পেরিয়ে দিনাজপুরের বীরগঞ্জ পর্যন্ত বিস্তৃত।
প্রতিদিন ৮০ জন সেলসম্যান ৮০টি ভিন্ন ভিন্ন পয়েন্টে সক্রিয়ভাবে এই টিকিট বিক্রি করছেন। হাট-বাজার, পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে তারা সাধারণ মানুষকে ভাগ্য পরীক্ষার প্রলোভন দেখাচ্ছেন। মোটরসাইকেল, ফ্রিজ, এলইডি টিভির মতো আকর্ষণীয় পুরস্কারের টোপ ফেলে অসংখ্য মানুষকে ঠকানো হচ্ছে।
র্যাফেল ড্রয়ের টিকিট বিক্রেতারা নির্দ্বিধায় স্বীকার করছেন তাদের দৈনিক বিক্রির পরিমাণ। একজন সেলসম্যান জানান, তারা কোনো কোনো দিন ১০ হাজার, ৮ হাজার, এমনকি ৭ হাজার টাকার টিকিট বিক্রি করছেন। আশ্চর্য হলেও সত্য, অনেক ক্রেতা পার্কের মূল আকর্ষণ উপেক্ষা করে কেবল টিকিট কেনার উদ্দেশ্যেই সেখানে যাচ্ছেন। এক ক্রেতা প্রতিবেদককে জানান, তিনি ঘুরতে যাবেন না, শুধু টিকিট কাটতেই এসেছেন।
যদিও মেলার ইজারাদার বাবু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে তার পরিচালিত এই লটারি ড্রয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই জুয়ার আসর সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, পার্কটি ইজারা দেওয়া হয়েছে এবং ইজারাদার কর্তৃপক্ষকে প্রবেশ টিকিটের উপর লটারি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
তিনি বলেন, “তারা যদি পার্কের বাহিরে এটা করে থাকে, তাহলে এটা তারা ঠিক করেনি। আমি এ বিষয়ে খোঁজ নিব।”