


ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাইজুল ইসলাম (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফাইজুল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের লালাপুর ডাঙ্গীপাড়া গ্রামের সৈকত আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ফাইজুল ইসলাম মোটরসাইকেলে করে ভেলাজান এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফাইজুল ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং ঘাতক ট্রাক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।