


ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
বিএসএফ শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বর্তমানে সীমান্তে অবস্থান করছেন। দেশটির বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতাদিবসের উৎসব চলাকালীন জাতীয় নিরাপত্তা রক্ষা ও শত্রুপক্ষের যেকোনও বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা ঠেকাতে অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে। ১৬ আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে এবং পুরো মেঘালয় সীমান্তজুড়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।
এদিকে, চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিক (২৫ এপ্রিল-২৫ জুলাই) সময়ে উচ্চ সতর্কতা ও কার্যকর অভিযানে মেঘালয় সীমান্তে মোট ৩৩টি গুরুত্বপূর্ণ জব্দের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিএসএফ। এ সময় ২৩ ভারতীয় ও ১২ বাংলাদেশি নাগরিক আটক করা হয়। এছাড়া ৩৯ লাখের বেশি রুপির মূল্যের পণ্যও জব্দ করেছে দেশটির এই সীমান্তরক্ষী বাহিনী। সম্প্রতি মেঘালয় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ৩১ লাখ রুপির বেশি মূল্যের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিএসএফ। মোবাইল ডিসপ্লে জব্দের এই ঘটনাকে চোরাচালানের নতুন প্রবণতা বলছে ভারতীয় এই সীমান্তরক্ষী বাহিনী।
একই সময়ে মেঘালয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানে জড়িত অভিযোগে ১১৬ বাংলাদেশি ও ৩৪ ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ।