


কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে বৈঠকের সময় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের চালানো হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে। কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি এই দাবি করেছেন।
আল জাজিরাকে তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করছিলেন যারা, তাদের হত্যার চেষ্টা একটি জঘন্য অপরাধ। মুক্ত বিশ্বকে অবশ্যই এই অপরাধকে প্রত্যাখ্যান করতে হবে।
সুহাইল বলেন, কেবল নিন্দা ও বিবৃতি যথেষ্ট নয়, ইসরায়েলের ফিলিস্তিনি জনগণের ওপর হামলা থামাতে বিশ্বকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন প্রশাসনকে তেল আবিব আগেই অবহিত করেছিল বলে জানিয়েছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের এই হামলা তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র দেশ কাতার। দেশটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কাতারে ইসরায়েলি হামলার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে। সেখান থেকে এই বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে বিবিসি।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার প্রথম ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে রাত সাড়ে ৯টায়। ওই সময় ওভাল অফিস থেকে স্বাস্থ্য-সংক্রান্ত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন তিনি। ওই অনুষ্ঠানে সাংবাদিকরা ইসরায়েলি অভিযানের বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।