1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কুড়িগ্রাম-১ নিজের প্রচারণায় নিজেই মাইক হাতে “ভোট পাগল” ‘আব্দুল হাই মাস্টার’ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

কুড়িগ্রাম-১ নিজের প্রচারণায় নিজেই মাইক হাতে “ভোট পাগল” ‘আব্দুল হাই মাস্টার’

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ জন দেখেছেন

কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে নিজের প্রচারণা নিজেই চালাচ্ছেন জাকের পার্টির প্রার্থী হিসেবে দাবী করা আব্দুল হাই মাস্টার। ভোট এলেই মাথা যেন নষ্ট হয়ে যায় তাঁর। কোনো নির্বাচনই বাদ দেন না আব্দুল হাই মাস্টার। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। একবার ইউপি চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।গত ২৪ সালের ডামী নির্বাচনে ব‍্যাপক কারচুপি করে জাপা প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান মোস্তাক নির্বাচিত হয়েছিলেন বলে তাঁর অভিযোগ।

তাই এবার তাঁর স্বপ্ন জাতীয় সংসদ সদস্য হওয়ার। এলাকার লোকজন তাঁকে ‘ভোটপাগল আব্দুল হাই মাস্টার’ বলেই ডাকে। তিনি কখনো বাইসাইকেলে কখনো অটোরিকশা  আবার কখনো পায়ে হেঁটেই প্রচারণা চালাচ্ছেন। তাঁর সাথে থাকছে বিভিন্ন রঙের কৃত্রিম গোলাপ ফুল, ঝোলানো কাপড়ের ব্যাগ, তার ভেতরে থাকছে প্রয়োজনীয় জিনিসপত্র। নির্বাচনী প্রচার করতে গিয়ে যেখানে রাত হচ্ছে সেখানেই কোনো বাড়িতে রাত্রীযাপন করছেন।পরদিন সেখান থেকে আবার প্রচারণা শুরু করছেন। এভাবেই ব্যস্ত সময় পার করছেন তিনি।

স্বপ্ন বাস্তবায়ন করতে ভোটপাগল আব্দুল হাই মাস্টার আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব‍্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় এলাকা ২৫ কুড়িগ্রাম-১ আসনের জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রার্থী হবেন বলে তিনি জানিয়েছেন। ভূরুঙ্গামারী-নাগেশ্বরী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-১ আসন।এই দুটি উপজেলার প্রতিটি গ্রাম-গঞ্জে আব্দুল হাই মাস্টার ভোট চেয়ে চেয়ে ঘুরছেন। বাইসাইকেল, অটো ও পায়ে হেটেই  নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে হ্যান্ডমাইকে ভোট প্রার্থনা করছেন।

স্থানীয়রা জানান, আব্দুল হাই মাস্টার চারবার ইউপি চেয়ারম্যান পদে, চারবার উপজেলা চেয়ারম্যান পদে এবং চারবার জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচন করেছেন। এর মধ্যে একবার তিনি বঙ্গসোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান এবং ২০০৯ সালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। এ সময় স্থানীয় জনসাধারণ নগদ টাকা, বাড়ি বাড়ি চাল ও মুড়ি তুলে তাঁকে সহায়তা করেছিলেন।

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি বেশির ভাগ সময় ড্রেন পরিষ্কার ও রাস্তাঘাট ঝাড়ু দিয়ে মানুষের আলোচনায় এসেছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার স্কুলশিক্ষক ছিলেন। গত ২৩ সালের অক্টোবর মাসে তিনি উপজেলার চর ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন।

আব্দুল হাই মাস্টার বলেন, ‘সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হয়ে জাতীয় সংসদ নির্বাচনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) প্রতিদ্বন্দ্বিতা করেছি। গত নির্বাচনে আমাকে ব‍্যাপক কারচুপি করে আমাকে হারিয়ে দিয়েছে।এবারও জাকের পার্টির প্রার্থী হিসেবে গোলাপ ফুল মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছি। নির্বাচন আমি শেষ পর্যন্ত লড়ে যাব, কোনো বাধাই আমাকে আটকাতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘চেয়ারম্যান হয়েছি, উপজেলা চেয়ারম্যানও হয়েছি। বাকি আছে জাতীয় সংসদ সদস্য হওয়ার। গত এক বছর থেকে নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছি এবং প্রতিটি এলাকায় জনগণের বিপুল সাড়াও পাচ্ছি। আমি বুঝতে পারছি, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করবে এবং আমাকে এমপি বানাবে।’ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এমপি নির্বাচিত হলে দুধকুমার নদের পাড়ে একটি নদীবন্দর স্থাপন, মাধ্যমিক শিক্ষকদের এককালীন পেনশন ব্যবস্থা সহজীকরণ, নদীভাঙন রোধসহ বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে মহান জাতীয় সংসদে বিল উত্থাপন করে পাসের চেষ্টা করব।’

আব্দুল হাইয়ের প্রচারণা শুনতে আসা আলমগীর, আয়নাল, শাহজাহান আলী, লিয়াকত আলী ও সবুর মিয়া বলেন, মানুষ আব্দুল হাইকে পাগল বলুক আর যা-ই বলুক, আমরা উপজেলা নির্বাচনের সময় যেভাবে তাঁকে ভোট দিয়েছি এবার সংসদ নির্বাচনেও আমাদের এলাকার লোক হিসেবে আমরা তাঁকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাব। যাতে তিনি এলাকার মানুষের সেবা করতে পারেন এবং আমাদের মতো গরিব মানুষের মনের কথাগুলো মহান সংসদে উত্থাপন করে কার্যকর পদক্ষেপ নিতে পারেন।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে আব্দুল হাই মাস্টার ছাড়াও ভোটে লড়ার সম্ভবনা আছে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা, জামায়াত ইসলামীর সহকারি অধ‍্যাপক ও সাবেক ছাত্র নেতা আনোয়ারুল ইসলাম,ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি,গন অধিকার পরিষদের ছাত্র নেতা বিন ইয়ামিন মোল্লা, এনসিপির মাহফুজ কিরন ও জাপা প্রার্থী সাবেক সাংসদ এ কে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )