1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যজুড়ে আকাশপথে অচলাবস্থা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

যুদ্ধের দামামা, মধ্যপ্রাচ্যজুড়ে আকাশপথে অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৫ জন দেখেছেন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এর জেরে ইসরায়েল, কাতার, বাহারাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিরিয়াসহ বিভিন্ন দেশ নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে বিশ্বের বড় বড় বিমান সংস্থাগুলো মধ্যপ্রাচ্যজুড়ে সব ফ্লাইট বাতিল করেছে।
শনিবার এয়ার ফ্রান্স জানিয়েছে যে তারা তেল আবিব এবং বৈরুতের ফ্লাইটগুলো বাতিল করছে। এর পাশাপাশি আগামী কয়েক দিনের ফ্লাইট সূচী পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে এয়ার ফ্রান্সের বিবৃতিতে।

এয়ার ফ্রান্স বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির কারণে কোম্পানি ২৮ ফেব্রুয়ারির নির্ধারিত তেল আভিভ ও বৈরুতগামী এবং সেখান থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
যুক্তরাজ্যের রাষ্ট্রীয় বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজও আগামী ৩ মার্চ পর্যন্ত তেল আবিব এবং বাহরাইনের ফ্লাইট বাতিল করেছে।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। যার ফলে আগামী ৩ মার্চ পর্যন্ত তেল আবিব ও বাহরাইনের সঙ্গে সব ফ্লাইট এবং জর্ডানের রাজধানী আম্মানের আজকের সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।

অন্যদিকে নিজেদের নিরাপত্তার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি গন্তব্যে ফ্লাইট চলাচল বাতিল ঘোষণা করেছে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা তার্কিশ এয়ার। তুর্কিশ এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন, সিরিয়া, ইরাক, ইরান এবং জর্ডানের ফ্লাইট বাতিল করেছে তারা। কাতারের আকাশসীমা বন্ধ থাকার কারণে নিজেদর সব ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ।

এদিকে চলমান পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে ভারতের সবচেয়ে বড় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। অন্যাদিকে ঢাকা থেকেও আপাতত মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে শনিবার বিকেল ৪টার দিকে ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। তবে আরও বেশ কয়েক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিমান বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আর দুবাইতে থাকা একটি ফ্লাইট সেখানে নিরাপদে অবস্থান করছে। এরআগে ইসরায়েল, কাতার, বাহারাইনের পর মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামারিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইতোমধ্যে কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলজুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদফতর। অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। তবে বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )