


দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও আমদানি নিষিদ্ধ পণ্য বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘রেড ব্লু’ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুরে হিলির সিপি রোড ও হিলি বাজার এলাকার বিভিন্ন হোটেল ও ব্যাবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। অভিযানকালে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় দুটি হোটেলকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আমদানি নিষিদ্ধ ‘রেড ব্লু’ বিক্রির দায়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় জব্দ করা নিষিদ্ধ ‘রেড ব্লু’ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘন, ভেজাল ও নিষিদ্ধ পণ্য বিক্রির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।