গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। কথা লিখেছেন মনজুরুল আলম চৌধুরী। সুর করেছেন রাজেশ ঘোষ, সংগীতায়োজনে মুশফিক লিটু।
রাজেশ ঘোষ বলেন, ‘দীর্ঘ ৩০ বছরের সংগীত জীবনে মানুষের অশেষ ভালোবাসা, উৎসাহ ও আশীর্বাদে আমি এখনো ভালো ভালো গান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রোতাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি, আর সেই ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয়। বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করার স্বপ্ন নিয়ে আমি শুরু করেছি এই চ্যানেল। এখানে থাকবে নতুন মৌলিক গান এবং বাংলাদেশের নামি ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ। আমার বিশ্বাস, এই চ্যানেলটি বাংলা গানের শ্রোতাদের জন্য একটি সুন্দর মিলনমেলায় পরিণত হবে।’
দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের অসংখ্য জনপ্রিয় গানের সুরকার রাজেশের নতুন গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন অথৈ ইসলাম ও দেবজ্যোতি ঘোষ। ভিডিওটি নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নীলয়।
























