1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাটে চলতি বছরের সরকারি আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহ না করে একটি অটো রাইস মিলে কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার অভিযোগ করেছেন লটারিতে নির্বাচিত দুই কৃষক। এ ঘটনায় হেনস্তার শিকার হওয়ার অভিযোগ এনে তারা রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী কৃষক শাহ আলম মিয়া ও চন্দন কুমার রায় জানান, লটারিতে তাদের নাম নির্বাচিত হওয়ায় তারা সরকারি গুদামে ধান সরবরাহের জন্য ধান নিয়ে উপস্থিত হন। কিন্তু গুদামে তাদের ধান গ্রহণ করা হয়নি।

তারা অভিযোগে উল্লেখ করেন, গত ১৯ জুন বস্তা সংকটের কথা জানিয়ে একটি নোটিশ প্রকাশ করা হয়।পরে তারা জানতে পারেন,সরকারি গুদামে ধান সংগ্রহ না করে উপজেলার উমরমজিদ ইউনিয়নে অবস্থিত ফরকেরহাট অটো রাইস মিলে ধান সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি,এ বিষয়ে রাজারহাট উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাদের একটি টোকেন দিয়ে ফরকেরহাট অটো রাইস মিলে ধান সরবরাহ করতে বলেন। একই সঙ্গে ধান সরবরাহের পর টোকেনটি তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কৃষকরা আরও অভিযোগ করেন,অটো রাইস মিলে ধান নিয়ে যাওয়ার পর সেখানে কোনো সরকারি কর্মকর্তা উপস্থিত না থাকলেও ধানের আর্দ্রতা পরিমাপ করা হয়। পরে ধানের গুণগত মানের সমস্যা দেখিয়ে তাদের একজনের ধান থেকে তিন বস্তা কর্তন করা হয়।

এ বিষয়ে রাজারহাট উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ধান গুদামঘরে নেওয়া হয়েছে। রাজারহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. মাসুদা বেগম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

অভিযোগের বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম বলেন, অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি খাদ্যগুদামে ধান সংগ্রহের পরিবর্তে অটো রাইস মিলে ধান নেওয়ার অভিযোগ এবং কৃষকদের ধান কর্তনের বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )