


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযানে দুই জন সার ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মানিককাজী ব্রীজেরপার বাজারের ক্ষুদ্র সার ও কীটনাশক ব্যবসায়ি আব্দুল কাদের সার বিক্রি করে ক্রেতাকে বিক্রয় মোমো না দেয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথ ৫ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে একইদিন বিকেলে বঙ্গসোনাহাট ইউনিয়নের বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের গুদাম ঘরে সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় বিক্রয় রেজিস্টারের চেয়ে ৮ বস্তা ডিএপি সার বেশী পাওয়ায় উক্ত ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। উভয় অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক বলেন , কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।কৃষকদের স্বার্থ রক্ষায় সার ব্যবসায়ীদের সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা এবং নির্ধারিত মূল্যে সার বিক্রির আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।