1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে পাওনা টাকা না পেয়ে ভুক্তভোগী কৃষকদের সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ঘোড়াঘাটে পাওনা টাকা না পেয়ে ভুক্তভোগী কৃষকদের সংবাদ সম্মেলন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা পাওয়ার দাবিতে ভুক্তভোগী কৃষকদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভু্তক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, তারা এলাকার চিহ্নিত ভুট্টা ব্যবসায়ী সামছুজ্জামান মানিকের নিকট ভুট্টা বিক্রি করেছেন। ভুট্টা নেওয়ার সাত দিনের মধ্যে টাকা পরিশোধ করার কথা বললেও দীর্ঘ সময় ধরে তাদের পাওনা টাকা পরিশোধ করছেন না ব্যবসায়ী সামসুজ্জামান মানিক।

কৃষকদের দাবি, ব্যবসায়ী মানিক তাদের নিকট থেকে বাকিতে ভুট্টা নিয়ে প্রায় সাড়ে চার মাস তাঁর গোডাউনে রেখে বিভিন্ন তারিখে টাকা পরিশোধের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা পরিশোধ করেননি। পরে কৃষকদের অজান্তে একসঙ্গে আটটি ট্রাকে করে গোডাউনে থাকা ভুট্টা বিক্রি করে দেওয়া হয়।

বিষয়টি জানতে পেরে কৃষকরা ব্যবসায়ী মানিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি পাওনা টাকা পরিশোধের জন্য আরও এক মাস সময় নেন। পরবর্তীতে ওই সময় শেষ হলে আবারও ১৫ দিনের সময় নেয়। সেই সময়সীমাও পার হয়ে গেলেও এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করেননি ব্যবসায়ী মানিক।

সংবাদ সম্মেলনে কৃষকরা বলেন, ভুক্তভোগী প্রায় ৪০ জন কৃষক আনুমানিক ৩৫ লাখ টাকা পাবেন। ফসল বিক্রির অর্থ দিয়েই তাদের পরিবার এবং পরবর্তী মৌসুমের ফসল চাষের খরচ বহন করতে হয়। দীর্ঘদিন ধরে পাওনা টাকা না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কৃষকরা পাওনা টাকা আদায়ে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে ভুট্টা ব্যবসায়ী সামছুজ্জামান মানিকের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )