


রংপুরের কাউনিয়ায় জুয়া খেলার সরমঞ্জাম ও নগদ টাকাসহ সাত জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার( ১২ অক্টোবর) উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- হারাগাছ নাজিরদহ বকুলতলা এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো. তোহর উদ্দিন (৪৮), একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. রুস্তম আলী (৩৫), চর নাজিরদহ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. বেলাল হোসেন (৪০), একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে মো. শাহীনুর ইসলাম (৩২), মৃত আলতাব হোসেনের ছেলে মো. আব্দুল গফুর (৪৫) ও লালমনিরহাট সদরের কিশামত চিনাতুলি গ্রামের মৃত পরোশ আলীর ছেলে মো. আদম আলী (৫৫), খলাইঘাট গ্রামের মৃত এরফান বেপারীর ছেলে মো. সবুজ মিয়া (৫০)।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল পারভেজ জানান, পুলিশ গোপন সংবাদে জানতে পারে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাঁধের রাস্তার পাশে আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি টাকার বিনিময়ে জুয়া খেলছে। সংবাদের সূত্র ধরে ১১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে টাকা দিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চার হাজার ১০৫ নগদ টাকা, ৬টি মোবাইল ফোন ও জুয়া খেলার সরমঞ্জাম জব্দ করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ বলেন, আটক সাতজনের বিরুদ্ধে জুয়া আইনের ধারায় মামলা রুজু হয়েছে। শনিবার মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।