
কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ফেলানী হত্যার বিচার, ফেলানীর পরিবারের ঘর বাড়ি পূর্নাবাসন ও তিন ভাই বোনের পড়াশোনা দায়িত্ব ও পড়াশোনা শেষে চাকুরী দেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিবারের ভরনপোষণের এমন দায়িত্ব নেয়ার আশ্বাস পেয়ে খুশি হয়েছেন ফেলানীর পরিবার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১ টায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া’র ঢাকাস্থ বাসভবনে সাক্ষাৎকালে এমন আশ্বাস পান ফেলানীর বাবা মা। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ফেলানীর ছোট ভাই মো. জাহান উদ্দিন।
মো. জাহান উদ্দিন বলেন, গতকাল সকালে কুড়িগ্রাম জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রকিব, হাসান জিহাদী এ্যাড. মাহবুবসহ অনান্যরা আমার বাবা ( নুর ইসলাম) মা জাহানারা বেগম ও আমাকে নিয়ে ঢাকায় যায়।পরে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের সাথে তার বাস ভবনে দেখা করান।উনার সাথে কথা বলে আমরা অনেকটা চিন্তামুক্ত হয়েছি।আমার তিন ভাই বোনের পড়াশোনার খরচ,ঘরবাড়ি পূর্নবাসন ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী দেয়ার আশ্বাস দেন।আমরা এতে খুব খুশি হয়েছি।
ফেলানীর বাবা বলেন, আমার মেয়ে ফেলানীকে হত্যাকরে কাঁটাতারের ঝুলিয়ে রেখেছিল।বিচারের আশায় ১৪ বছর কেটে গেলো। আজ ফেলানী হত্যার বিচার দ্রুত করার ব্যবস্থাসহ পরিবারের দায় দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।১৪ বছর পর সরকারের (উপদেষ্টা আসিফ মাহমুদ) এর এমন আশ্বাস সত্যি ভালো লাগছে।আমরা তার জন্য দোয়া করছি।
Related