1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অটোর ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

অটোর ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন
রংপুরের মাহিগঞ্জে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১০) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল দশটায় শিক্ষার্থী ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করেন। তারা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন ও চালকদের যথাযথ লাইসেন্স নিশ্চিত করার দাবি জানান। নিহত দিনা মাহিগঞ্জের খোর্দ রংপুর এলাকার দোলন মিয়ার মেয়ে এবং আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুল ছুটির পর দিনা রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাত ইরা বলেন, “প্রতিদিন আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। আমরা চাই, দ্রুত স্পিড ব্রেকার বসানো হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।” শরিফুল ইসলাম নামে এক অবরোধকারী বলেন, “এই রাস্তায় চলাচলকারী বেশিরভাগ অটোরিকশা চালকের বৈধ লাইসেন্স নেই। তারা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যা দুর্ঘটনার মূল কারণ। আমরা চাই, অবৈধ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।”
আমতলা বিদ্যাপীঠ এন্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।” রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, “আমরা ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়াসহ দ্রুত স্পিড ব্রেকার স্থাপনের পাশাপাশি ট্রাফিক নিয়ম কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সংবাদ লেখা পর্যন্ত সকাল ১০ টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )