


২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার দ্বারপ্রান্তে ছিল আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে শেষ চারের টিকিট নিশ্চিত করতে পারত আফগানরা। তবে আফগানদের সেমিফাইনালে খেলার সামনে চিনের মহাপ্রাচীর হয়ে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অজি এই মারকুটে ব্যাটার সেদিন খেলেছিলেন অতিমানবীয় এক ইনিংস।
আফগানদের দেওয়া ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে ছিল অজিরা। তবে এরপর হয়েছে ম্যাক্সওয়েল শো। ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মারকুটে এই ব্যাটার, সেটিও আবার পায়ে ক্র্যাম্প নিয়ে। তার সেই অতিমানবীয় ইনিংসে ভর করেই জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।
এদিকে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নামবে আফগানরা। এ ম্যাচের আগেও তাই নিসঃন্দেহেই ওঠে এল ম্যাক্সওয়েলের সেই ইনিংসের কথা। তবে আফগানদের পরিকল্পনায় শুধু ম্যাক্সওয়েল নন, আছে পুরো অস্ট্রেলিয়া দলই।
ইংল্যান্ডকে হারানোর পর সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েলকে নিয়ে প্রশ্নে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলেন, ‘আপনি কি মনে করেন আমরা শুধু ম্যাক্সওয়েলের সঙ্গে খেলতে এসেছি? আমাদের পরিকল্পনা পুরো অস্ট্রেলিয়া দলকে ঘিরেই। আমি জানি, সে ২০২৩ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, কিন্তু সেটা ইতিহাসের অংশ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর কথা উল্লেখ করে আফগান অধিনায়ক বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের হারিয়েছি। আমরা প্রতিপক্ষ দলের সবাইকে নিয়ে ভাবি, শুধু একজন খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা করি না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব পরিকল্পনা অনুযায়ী খেলতে। কারণ, আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না—আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছি।’