


রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব চর ইচলী (লক্ষ্মীটারী) গ্রামে তিন বছর বসয়ী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।
ঘটনাটি ঘটেছে ৩ মে শনিবার দুপুরে। এজাহারে বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগী শিশুর মা দিনমজুরের কাজে বাইরে ছিলেন এবং শিশুটি তার শাশুড়ির তত্ত্বাবধানে বাড়িতে অবস্থান করছিলো। ওই দিন দুপুর ১টার দিকে অভিযুক্ত কিশোর শহিদ মিয়া শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেয়। ১ ঘণ্টা পার হলেও শিশুটি ফিরে না আসায় বড় বোন হালিমাকে পাঠানো হলে সে গিয়ে দেখে, শহিদ মিয়া ঘরের ভেতরে উলঙ্গ অবস্থায় ছোট বোনকে ধর্ষণ করছে। হালিমা চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে ও শারীরিকভাবে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। পরে শিশুটিকে প্রথমে স্থানীয়ভাবে ও পরে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
ভুক্তভোগীর মা জানান, ঘটনার ভয়াবহতা বুঝে স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে আলোচনা ও স্বামীর পরামর্শে গত রবিবার রাতে থানায় এসে এজাহার দায়ের করেছেন। তিনি ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় ০৫মে২৫ তারিখে (মামলা নং ০৮/১৫২)একটি মামলা দায়ের করা হয়েছে । অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। অভিযুক্ত কিশোর বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।