


দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা ছোড়ার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
সোমবার (৭ জুলাই) উপজেলার চক বামুনিয়া বিশ্বনাথপুর নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আবুল বাসার (৫৫) মৃত আজিমুদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার আসামি দিনাজপুর আদালতে পাঠানো হবে।