1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাদকবিরোধী অভিযানের ভিডিও করায় পুলিশের অশালীন ভাষা ব্যবহার, দুই পুলিশ সদস্য অবরুদ্ধ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

মাদকবিরোধী অভিযানের ভিডিও করায় পুলিশের অশালীন ভাষা ব্যবহার, দুই পুলিশ সদস্য অবরুদ্ধ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয় লোকজন ভিডিও ধারণ করায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ক্ষেপে অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে সাতটি ইয়াবাসহ সাধন চন্দ্র মোহন্ত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি বইদর গ্রামের অনন্ত চন্দ্র মোহন্তের ছেলে। পুলিশের ওই দুই সদস্য হলেন ঘোড়াঘাট থানার এসআই নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ কুমার রায়। প্রত্যক্ষদর্শী ও সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাত হোসেনের সাথে কথা হলে তিনি জানান, বিকেল পাঁচটার দিকে পুলিশের ওই দুই কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে গেলে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেন। পুলিশ মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো গণনা করছিলেন। এ সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে উপস্থিত হয়ে পুলিশের অভিযান দেখছিলেন। সে সময় উৎসুক একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন। তখন এসআই নজরুল ইসলাম ক্ষেপে গিয়ে জনতার উদ্দেশে অশ্লীল কথা বলেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা পুলিশের দুই সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর টহল দল, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা গিয়ে তাদের উদ্ধার করেন। পরে জনতা পুলিশের ওই দুই সদস্যকে পাশের একটি মার্কেটের গুদামে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলে স্থানীয় লোকজন শান্ত হন।

বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। স্থানীয় জনতা বলেছে, পুলিশ নাকি তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। এটি আমরা তদন্ত করে দেখব।’ অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )