
কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট) সকালে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী চাঁন মিয়া (৫৫)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার যতীন্দ্রনারায়ন এলাকার সেকেন্দার আলীর ছেলে।
অপর দিকে একই ভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে ধরলার পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মাদক কারবারি শফিকুল ইসলাম (৩৯)কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার অনন্তপুর বালাবাড়ী এলাকার মৃত আব্দুল রবের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
Related