1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবি ভিসির প্রস্তাব প্রত্যাখ্যান ইউজিসির প্রতীকী জানাজা , অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বেরোবি ভিসির প্রস্তাব প্রত্যাখ্যান ইউজিসির প্রতীকী জানাজা , অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২২৬ জন দেখেছেন

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করতে উদ্যোগ না নেয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসিকে মৃত ঘোষণা করে প্রতীকী গায়েবানা জানাজা করেছে জুলাই যোদ্ধারা। এসময় অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ রংপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।সোমবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে শহীদ আবু সাঈদ চত্ত্বরে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। এতে জুলাইযোদ্ধা ইমতিয়াজ আহমেদ ইমতি, শাহ মোতাওয়াক্কিল বিল্লাহ ফকির, নাহিদ হাসান খন্দকারসহ আরো অনেকে অংশ নেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে জুলাই যোদ্ধারা জানান, যৌক্তিক দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও ইউজিসি তা আমলে নেয়নি। মৃত ইউজিসি শিক্ষার্থীদের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় তাদের গায়েবানা জানাজার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। গণঅভ্যুত্থানের এক বছর পরও ছাত্র সংসদ আইন সংশোধন না হওয়ার বিষয়টি আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একধরনের বৈষম্যমূলক আচরণ বলে মনে করছেন তারা।

এদিকে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে রবিবার (১৭ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া আমরণ অনশনের গতকাল ছিল দ্বিতীয় দিন। ইতিমধ্যেই বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন- ইউজিসির বরাত দিয়ে ছাত্র সংসদ আইন সংযুক্ত করতে শিক্ষার্থীদের কাছে ১০ দিন সময় চাইলে আন্দোলনকারী তা প্রত্যাখ্যান করেন।

 

টানা দুইদিন ধরে চলা অনশনে শিক্ষার্থীদের মধ্যে চারজন অসুস্থ হয়ে পড়েছেন তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগ ১৬ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ এবং গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।
অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে ইতিমধ্যেই, বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ আজ ক্লাস পরীক্ষা বর্জন করেছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দেখা করে তাদের শারীরিক অবস্থার খোঁজনখবর নেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এসময় তিনি বলেন, ইউজিসির সাথে আমার কথা হয়েছে, ওনারা ১০ কর্ম দিবস সময় চাচ্ছেন। আশা করি ১০ দিনের মধ্যে আমরা ভালো ফলাফল পাব। আর যদি তা সম্ভব না হয় তাহলে আমি নিজেই দায়িত্ব নিয়ে সম্পন্ন করব।

 

তবে উপাচার্যের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে অনশনরত শিক্ষার্থীরা বলেন, আমরা আমরণ অনশনে বসেছি আপনারা বোঝেন না? ইউজিসি কি জানে না আমরণ অনশন কী? দাবি আদায় না হলে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার্থীদের এই অনশন চলবে।এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে দশটা) আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশন পালন করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের এই কর্মসূচি থেকে তারা সরবেন না বলে ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা আগামী সেপ্টেম্বরের মধ্যেই ছাত্র সংসদ চায়। কারণ ছাত্র সংসদ তাদের অধিকার। প্রতিষ্ঠার ১৭ বছরেও ছাত্র সংসদ না থাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলেও অভিযোগ করেন তারা। উল্লেখ্য; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছরেও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) কখনো হয়নি। ২০০৮ সালের ১২ অক্টোবর যাত্রা শুরুর পর থেকেই আওয়ামী শাসনামল হওয়ায় ক্ষমতার জোরে সরকারি দলের ছাত্র সংগঠনের আধিপত্য দেখা গেছে বিশ্ববিদ্যালয়টিতে। তাদের হাতে নির্যাতন, হয়রানি ও চাঁদাবাজির শিকার হয়েছে অসংখ্য শিক্ষার্থী।

গত বছরের ১৬ জুলাই বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষকসহ সব ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার পর শহীদ আবু সাঈদের এই বিশ্ববিদ্যালয়টিতেও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দাবিটি আরও জোরালো হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )