1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সড়ক অবরোধ, চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর | দৈনিক সকালের বাণী
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

পীরগাছায় বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় সড়ক অবরোধ, চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় বিএনপির এক নেতার ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ায় রংপুর-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। এ সময় পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোস্তাফিজার রহমান রেজার ওপর হামলা চালিয়ে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই সড়কের উপজেলার দেউতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে সদ্য প্রয়াত রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দিতে এসেছিলেন পারুল ইউনিয়ন বিএনপির নেতা রাশেদুল ইসলাম রাশেদ। সভা শেষে উপজেলা পরিষদ সংলগ্ন বটতলায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।
স্থানীয়রা জানান, হামলাকারীরা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মণ্ডলের অনুসারী। গুরুতর আহত রাশেদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাশেদের পরিবার অভিযোগ করলেও পুলিশ মামলা নেয়নি বলে তাঁর অনুসারীরা দাবি করেন।
পরে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে দেউতি বাজার এলাকায় সড়ক অবরোধ করেন রাশেদের সমর্থকরা। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ও সাংগঠনিক সম্পাদক জুয়েল মণ্ডলের বিরুদ্ধে শ্লোগান তোলেন। সাড়ে তিন ঘণ্টা অবরোধ চলায় মহাসড়কের দুই পাশে শতাধিক বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
অবরোধ চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান রেজা রংপুর নগরী থেকে ফেরার পথে অবরোধকারীদের মুখে পড়েন। এছাড়া চেয়ারম্যান রেজা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার চাচাতো ভাই হওয়ায় বিক্ষুব্ধ কর্মীরা তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে স্থানীয়রা জানান।
পরিস্থিতি সামাল দিতে লোকজন তাঁর গাড়ি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধরা পিছু ধাওয়া করে। একপর্যায়ে চেয়ারম্যান রেজা পাশের এক বাড়িতে আশ্রয় নেন। বিক্ষুব্ধরা সেখানে ঢোকারও চেষ্টা করে এবং তাঁর গাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে। পরে স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তিনি নিরাপদে বেরিয়ে আসেন।
এ ঘটনায় পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান রেজা বলেন, আমি রংপুর থেকে পীরগাছা আসছিলাম। এ সময় আমার ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করা হয়। গাড়িতে থাকা সাড়ে ১১ লাখ টাকা লুটপাট করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ও সাংগঠনিক সম্পাদক জুয়েল মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।
পীরগাছা থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  হামলার ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )