


কুড়িগ্রামের কচাকাটা থানাকে প্রশাসনিক উপজেলা ঘোষনা ও বাস্তবায়নের দাবিতে গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আয়োজনে কচাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী,রাজনীতিবিদ,কৃষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষ গণস্বাক্ষরে অংশ নেন।
উল্লেখ্য,দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কচাকাটা থানাকে উপজেলা করার দাবীতে আন্দোলন করছে স্থানীয়রা। গণস্বাক্ষর কর্মসূচীর আলোচনা সভায় সাবেক চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ বাচ্চু ব্যাপারীর সভাপত্বিতে বক্তব্য দেন, কেদার ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আ.খ.ম ওয়াজিদুল কবীর রাশেদ, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, সমাজকর্মী আনিসুর রহমান তোলা ব্যাপারী, কচাকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম জুয়েল,কেদার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুল মন্ডল প্রমূখ। এসময় বক্তারা জানান, কুড়িগ্রাম জেলা ও নাগেশ্বরী উপজেলা থেকে কচাকাটা থানাকে ৪টি নদনদী দ্বারা বিচ্ছিন্ন করে রেখেছে।
ব্রহ্মপুত্র নদ, সংকোশ, দুধকুমার, গঙ্গাধর এই চার নদী পাড়ি দিয়ে উপজেলা সদর নাগেশ্বরীতে যাওয়া দিনের ব্যাপার। অপরদিকে সড়ক পথে নাগেশ্বরী উপজেলা সদরে যেতে ৪২ কিলোমিটার পথ ঘুরতে হয়। স্বাস্থ্য, শিক্ষা এবং নাগরীক সুবিধা বঞ্চিত এই এলাকার মানুষ। গণমানুষের দাবীর মূখে বিগত ২০০৩ সালে আইন শৃংখলা রক্ষার্থে কেদার, বলদিয়া, বল্লভেরখাষ, কচাকাটা, নারায়নপুর ইউনিয়ন এবং বামনডাঙ্গা ও কালিগঞ্জ ইউনিয়নের কিছু অংশ নিয়ে কচাকাটা নামে একটি থানা স্থাপিত হয়। সেই থেকে কচাকাটাকে একটি পূর্ণাঙ্গ উপজেলা করার দাবী উঠে। ২০১২ সালে গঠিত হয় কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
২০১২ সালে ১৬ মে থেকে এই সংগঠনের ব্যানারে আনুষ্ঠানিক ভাবে কচাকাটা উপজেলার দাবী উঠে। সেই থেকে ১ যুগ পেরিয়ে গেলেও উপজেলার ঘোষনা বাস্তবায়ন হয়নি। বর্তমানে কচাকাটা থানা ৫টি ইউনিয়ন ও দুটি ইউনিয়নের আংশিক নিয়ে গঠিত। এ থানার আয়তন প্রায় ১৩২ কিলোমিটার। জনংসংখ্যা রয়েছে প্রায় ৩লাখ। এখানে ৩ টি উচ্চ শিক্ষা, ২টি উচ্চ মাধ্যমিকসহ বেশ কয়টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসাসহ ৬৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দুটি সরকারী ও বেশ কয়টি বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কচাকাটা উপজেলা হলে সবদিক থেকে বঞ্চিত নাগরীকরা সুবিধা পাবে। কচাকাটা উপজেলা এখন এখানকার মানুষের গণদাবি পরিনত হয়েছে। বক্তারা সরকারের কাছে দাবী দ্রুত কচাকাটা থানাকে উপজেলা ঘোষনা এবং বাস্তবায়নের দাবি করেন।