


দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে বোচাগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের জংলীপীর বাজারে “দিনাজপুর-২ আসনের সর্বস্তরের জনগণ” ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এমন এক ব্যক্তির নাম ঘোষণা করেছেন, যিনি অতীতে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন।সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের পুনর্বাসনকারী দোসর ও সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আত্মীয় এবং ২৪ এর গণঅভ্যুত্থানের পর খালিদ মাহমুদ চৌধুরীকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন।
বক্তারা আরও অভিযোগ করেন, ঘোষণার পর থেকেই সাদিক রিয়াজ চৌধুরী পিনাক স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা না করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
তাদের দাবি, এই আচরণ প্রমাণ করে তিনি বিএনপির নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং দলের প্রতি অনুগত নন। তৃণমূলের মতামত উপেক্ষা করে এমন বিতর্কিত ব্যক্তিকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলে বিএনপির সাংগঠনিক ঐক্য বিনষ্ট হবে এবং আসন্ন নির্বাচনে দলের অবস্থান দুর্বল হতে পারে। তারা অতি দ্রুত এ ঘোষণা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাতইল ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি শাহিনুর ইসলাম ও যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম। উপস্থিত ছিলেন মাহমুদ আলম, বদরুজ্জামান চান মিয়া, জালাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।