1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্র মতিউরের চিকিৎসায় সহায়তার আকুতি অসহায় বাবার  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্র মতিউরের চিকিৎসায় সহায়তার আকুতি অসহায় বাবার 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন
ক্যানসারে আক্রান্ত ১৬ বছর বয়সী স্কুলছাত্র মতিউর রহমান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে মোট আটটি থেরাপি দিতে হবে। ইতোমধ্যে একটি থেরাপি দেওয়া হয়েছে। বাকি সাতটি থেরাপির জন্য প্রয়োজন আরও ৪ লাখ ২০ হাজার টাকা। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।
সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে বসতভিটার জমি বিক্রি, ধারদেনা ও স্বজনদের কাছ থেকে ঋণ নিয়েও এখন নিঃস্ব পরিবারটি। তাই মতিউরের চিকিৎসায় সরকারসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার আকুতি জানিয়েছেন স্বজনরা।
মতিউর রহমান কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্বফুলমতি গ্রামের দিনমজুর এরশাদুল হকের ছেলে। ছোটবেলা থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে সে। মাত্র চার বছর বয়সে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয় মতিউর। মা মর্জিনা বেগম তাকে রেখে স্বামীর সংসার ছেড়ে চলে যান। পরে অন্যত্র বিয়ে করেন তিনি। এরপর বাবার কাছেই বড় হতে থাকে মতিউর। পরবর্তী সময়ে এরশাদুল হক দ্বিতীয় বিয়ে করেন। বর্তমান সংসারে তাঁর পাঁচ বছর বয়সী একটি মেয়ে ও চার মাস বয়সী একটি ছেলে রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে মতিউরের নাকের হাড় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে শুরু করে। ২০২৫ সালের ১৭ ডিসেম্বর চিকিৎসার জন্য তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে নাক-কান-গলা বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রায় চার মাস চিকিৎসা চলে। কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে ২২ দিন চিকিৎসা দেওয়া হয়।
পরবর্তী সময়ে হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক আবদুল কাদের জিলানীর তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ক্যানসারের আশঙ্কা দেখা দিলে নমুনা রংপুর, ঢাকা ও ভারতের নয়াদিল্লিতে পরীক্ষার জন্য পাঠানো হয়। তিন জায়গার পরীক্ষার ফলাফলে তার গলাসহ শরীরে ক্যানসার শনাক্ত হয়।
চিকিৎসকের পরামর্শে গত ৩ নভেম্বর থেকে ক্যানসারের চিকিৎসা শুরু হয়। ৫ নভেম্বর প্রথম থেরাপি দেওয়া হয়েছে। ওষুধসহ এতে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মোট আটটি থেরাপি দিতে হবে। প্রতিটি থেরাপিতে ওষুধসহ ব্যয় হবে প্রায় ৬০ হাজার টাকা। সেই হিসাবে বাকি সাতটি থেরাপির জন্য প্রয়োজন আরও ৪ লাখ ২০ হাজার টাকা।
ছেলের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন বাবা এরশাদুল হক। বসতভিটার দুই শতক জমি বিক্রি করেছেন। বড় ভাইয়ের কাছ থেকে নিয়েছেন তিন লাখ টাকা। সব মিলিয়ে ছেলের চিকিৎসায় এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ধারদেনা করে দেশে ও ভারতে চিকিৎসা করাতে গিয়ে এখন আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন তিনি। পরিবারের সদস্যদের ভাষ্য, গত প্রায় ২০ দিন ধরে মতিউর ঠিকমতো খেতেও পারছে না।
এরশাদুল হকের বড় ভাই গোলাম আজম বাঁশি বলেন, মতিউরের বয়স যখন চার বছর, তখন তার মা তাকে রেখে চলে যান। ভাইয়ের আর্থিক অবস্থা ভালো না থাকায় শিশুটির লালন-পালনের দায়িত্ব তিনি নেন। নিজের সন্তানের মতোই তাকে বড় করেছেন এবং স্কুলে ভর্তি করিয়েছেন। ইচ্ছা ছিল, পড়াশোনা শেষ করে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তার সব দায়িত্ব পালন করবেন।
কিন্তু অসুস্থতার কারণে মতিউর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। চিকিৎসায় অনেক টাকা খরচ করেও এখন আর বাকি ব্যয় বহনের সামর্থ্য নেই। তিনি মতিউরের চিকিৎসায় সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।
প্রতিবেশী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনিরুজ্জামান বলেন, মতিউরের শারীরিক অবস্থা ভালো নয়। চিকিৎসা করাতে গিয়ে তার বাবা প্রায় নিঃস্ব। বড় ভাই আজম আলীও নিজের সামর্থ্যের বাইরে গিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয় করেছেন। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করছেন। তবে ক্যানসারে আক্রান্ত এই শিক্ষার্থীর চিকিৎসা চালিয়ে যেতে আরও অনেক অর্থের প্রয়োজন। তাই তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান।
নাওডাঙ্গা ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম সাবু বলেন, এরশাদুল হক একজন অসহায় দিনমজুর। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে তাঁর সব সঞ্চয় শেষ হয়ে গেছে। মতিউরের জীবনের শুরু থেকেই নানা প্রতিকূলতা। এখন ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করছে সে। তিনি ব্যক্তিগতভাবে সহযোগিতার চেষ্টা করবেন বলেও জানান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হাসান জানান, ক্যানসারে আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে সরকারি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। তিনি মতিউরের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ছেলেকে সুস্থ করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার স্বপ্ন দেখেন বাবা এরশাদুল হক।
কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন আজ অনিশ্চিত। তাই মতিউরের চিকিৎসায় সরকার, জনপ্রতিনিধি, সামাজিক ও মানবিক সংগঠন এবং দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তিনি।
মতিউরের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা:
মোবাইল/বিকাশ নম্বর: ০১৭৪৬৯৫৬৬৯৪
সবার সামান্য সহযোগিতায় ক্যানসারে আক্রান্ত এই কিশোরের চিকিৎসা চালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। আবারও স্বাভাবিক জীবনে ফিরে স্কুলে যাওয়ার স্বপ্ন দেখছে মতিউর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )