


বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে রংপুরের পীরগাছা উপজেলার কান্দি বাজারে পল্লী বিদ্যুতের কর্মী রাকিবুল ইসলাম (৩০) মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কান্দি বাজার এলাকায় বকেয়া গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করতে রংপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর ১০ সদস্যের একটি টিম অভিযান চালায়। এ সময় পূর্ব সতর্কতা ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
এক পর্যায়ে পল্লী বিদ্যুতের কর্মীদের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটি শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাকিবুল ইসলাম নামে এক কর্মী মারধরের শিকার হন। পরিস্থিতি বেগতিক দেখে পল্লী বিদ্যুতের অন্য কর্মীরা দ্রুত সেখান থেকে সরে যান। স্থানীয় বাসিন্দা তাজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় ওয়ারিং মিস্ত্রীদের কথায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আবার তারাই টাকা নিয়ে সংযোগ দিয়ে দেয়।’
মারধরের শিকার রাকিবুল ইসলাম বলেন, বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্নের এক পর্যায়ে কয়েকজন মিলে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।
এ বিষয়ে রংপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর অধীনে পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।