


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় অবৈধ দখলে থাকা প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এক উচ্ছেদ অভিযানে মোট ৭০ শতক জমি দখলমুক্ত করা হয়।
উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকায় ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে আরও ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল।
অভিযানের মাধ্যমে এসব জমি পুনরুদ্ধার করা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, বুড়াবুড়ি হাটে ৬টি হাট শেডের কাজ চলমান রয়েছে। দুটি শেডের কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু অবৈধ দখলদারদের কারণে চারটি শেডের কাজ করতে বিঘ্ন ঘটায় অবৈধ দখলদারদের উচ্ছেদের মাধ্যমে হাট শেডের চলমান রয়েছে। আশাকরি দ্রুত ৬টি শেডের কাজ সম্পন্ন করা হবে।