


দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরে শুক্রবার মরা গরুর মাংস বিক্রির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের উপস্থিতিতে কসাই পালিয়ে গেলেই অসুস্থ্য গরু বিক্রির দায়ে গরু মালিককে দুই হাজার টাকা অর্থ দণ্ড করা হয়েছে। জানা গেছে, বিরামপুর নতুন বাজার রেলগেট এলাকায় শুক্রবার সকালে গরুর মাংসের দোকান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মরা গরু জবাইয়ের অভিযোগ তুলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জোয়ালকামড়া গ্রামের নেহালের ছেলে কসাই আজিম দৌড়ে পালিয়ে যায়।
পরে সেখানে সহকারী কমিশনার (ভুমি) নাজিয়া নওরিন উপস্থিত হয়ে মাংস জব্দ ও গরু বিক্রেতা একই গ্রামের মামুনকে আটক করেন। সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসুস্থ্য গরু বিক্রেতাকে দুই হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন। গরু মালিক মামুন বলেন, গতকাল তিনি বাঁকিতে কসাই আজিমের নিকট অসুস্থ্য গরু বিক্রি করেন। সেই গরু মরেছে কিনা তা তার জানা নেই। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার গরু মালিকের অর্থ দণ্ডের কথা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।