1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে ফুলবাড়ী সীমান্তে নেই উত্তেজনা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের গণনা ঘিরে ফুলবাড়ী সীমান্তে নেই উত্তেজনা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৮ জন দেখেছেন
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের গণনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কোনো ধরনের উত্তেজনা দেখা যায়নি। অতীতের মতো আতঙ্ক না থাকায় সীমান্তজুড়ে বিরাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ। সীমান্ত এলাকায়  প্রতিদিনের মতো স্বাভাবিক নিয়মেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছেন। সোমবার (৪ মে) বিকালে ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল, গোরকমন্ডল ও বালাতাড়ি সীমান্তসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এ সময় স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিভিন্ন নির্বাচনে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ ও অস্থিরতার প্রভাব পড়ে বাংলাদেশ সীমান্তেও। অনেক সময় ভারতীয় নাগরিকরা নিরাপত্তার আশায় বাংলাদেশে এসে আশ্রয় নিতেন। তবে এবারের নির্বাচনে ফলাফল ঘোষণা হলেও এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি সীমান্ত এলাকাগুলো।
উপজেলার খলিশাকোঠাল সীমান্তে বসবাসরত বাংলাদেশি সাবেক ইউপি সদস্য মমিনুল ইসলাম মন্টু, কাসেম আলী, মজিবর রহমান ও আইয়ুব আলী জানান, অতীতের নির্বাচনগুলোতে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করত। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। প্রতিবেশী ভারতীয় নাগরিকদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে দেখে তারা নিশ্চিত হয়েছেন যে, ভারতের পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে এখন পর্যন্ত সীমান্ত এলাকায় কোনো ধরনের উত্তেজনা বা আতঙ্ক দেখা যায়নি। তারা বলেন, “আমরা এখন প্রতিবেশী ভারতীয়দের মতোই শান্তিপূর্ণভাবে বসবাস করছি। তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা থেকেই যাচ্ছে।
একই সীমান্ত এলাকার বাসিন্দা মনজুরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, ভারতের বিভিন্ন নির্বাচনের প্রভাব অনেক সময় সীমান্ত পর্যন্ত এসে পড়ে। তবে এবারের নির্বাচনে ফলাফল ঘোষণার পরও কোনো ধরনের উত্তেজনা দেখা যায়নি। তারা বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, অন্য দিনের মতোই এখনো শান্ত। তবে সামনে কী হবে, তা বলা কঠিন।
খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৫-এর নিকটবর্তী ভারতীয় নাগরিক এরশাদ হোসেন জানান, অন্যান্য বছরের তুলনায় এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “প্রথমবারের মতো বিজেপি সরকার গঠনের পথে থাকলেও আমাদের সীমান্ত এলাকায় এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি হবে না।
সীমান্তবর্তী গোরকমন্ডল এলাকার ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল ও কাশিপুর সীমান্ত এলাকার বাসিন্দা হাবিবুর রহমান জানান, ভারতের নির্বাচনের প্রভাব সীমান্ত এলাকা গুলোতে পড়েনি। আমরা অন্য দিনের মতো সব কিছুই স্বাভাবিক দেখছি। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। সীমান্তের অন্যান্য বাসিন্দাও তারা প্রতিদিনের মতো তাদের কাজ কর্ম করে যাচ্ছে। আমাদের কাছে সব কিছু স্বাভাবিক রয়েছে বলে জানান।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। ভারতের নির্বাচনের কোনো প্রভাব এখন পর্যন্ত আমাদের সীমান্তে পড়েনি। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে। আশা করছি, সীমান্ত এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে না।
সার্বিকভাবে, সীমান্তে স্বস্তি বিরাজ করলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা আশা করছেন, পরিস্থিতি শান্তই থাকবে এবং কোনো ধরনের অস্থিরতা তৈরি হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )