1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির খবরে খেপেছেন অভিনেত্রী | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির খবরে খেপেছেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

প্রায় তিন বছর আগে নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমীকে নিয়ে ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজ নির্মাণ করছেন তিনি। তবে গত শনিবার হাসান জাহাঙ্গীর ঘোষণা দেন সিরিজ নয়, ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। ইতিমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মিলেছে ছাড়পত্র। এমন খবর প্রকাশের পর খেপেছেন মৌসুমী। জানালেন, একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি, সেটা টেলিফিল্ম হওয়ার কথা কিন্তু সিনেমা নয়। শুধু তা-ই নয়, এটি কীভাবে সিনেমা হিসেবে ছাড়পত্র পায়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা হিসেবে মুক্তির খবরের প্রতিবাদ জানাতে গতকাল ফেসবুকে লাইভে আসেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। এ সময় তিনি মৌসুমীর একটি ভয়েস রেকর্ড শোনান। সেখানে মৌসুমীকে বলতে শোনা যায়, হাসান জাহাঙ্গীরের অনেক অনুরোধের পর কন্ট্রাক্ট ম্যারেজ নাটকে অভিনয় করেছিলেন তিনি। হঠাৎ করে এটি কীভাবে সিনেমা হয়ে গেল তা বোধগম্য নয় তাঁর কাছে। এ ছাড়া তাঁকে সিনেমার পারিশ্রমিক দেওয়া হয়নি বলে দাবি করেন মৌসুমী।

মৌসুমী বলেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ এক ঘণ্টার একটি নাটক ছিল। হাসান জাহাঙ্গীর খুব অনুরোধ করায় অভিনয় করতে রাজি হই। দুই দিনে শেষ করতে না পারায় তিন দিন শুটিং করে দিয়েছিলাম। এর কিছুদিন পর সে আমাকে জানাল, এক ঘণ্টার নাটকের চেয়ে ফুটেজ বেশি হয়েছে। এখন বিক্রি করতে গেলে বেশি টাকা পাওয়া যাচ্ছে না, পুরো খরচ উঠবে না। তাই এটিকে টেলিফিল্ম বানাতে চায়। আমি জানাই, পুরো গল্প ভালো হলে টেলিফিল্ম হলে আমার কোনো আপত্তি নেই। পরে আরও এক দিন শুটিং করে দিই। কিন্তু ইদানীং শুনলাম, এটাকে সে সিনেমা হিসেবে মুক্তি দিতে চাচ্ছে। সেন্সর সার্টিফিকেটও পেয়েছে। এটা শুনে খুব অবাক হলাম। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, বিষয়টি ঠিক হচ্ছে না।’

ক্ষোভ প্রকাশ করে মৌসুমী বলেন, ‘আমি যেখানে সিনেমাই করি না, সেখানে এ রকম একটা গল্প দিয়ে আমাকে কোথায় একটা কাটপিসের মতো ব্যবহার করা হচ্ছে। এমনটা হাসান জাহাঙ্গীরের কাছে আশা করিনি। সেন্সর (সার্টিফিকেশন) বোর্ডও কীভাবে এমন গল্পকে পাস করে দিল জানি না। খুব কষ্ট পেলাম।’
চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে মৌসুমী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, এটি সিনেমা হিসেবে রিলিজ হওয়া ঠিক হবে না। আমাদের পরিচালক সমিতি আছে, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতি আছে। আশা করব এই বিষয়টি যেন বিবেচনা করে। এ ছাড়া সিনেমার যে পারিশ্রমিক, সেটাও কিন্তু উনি আমাকে দেননি। এর মধ্যেই ছাড়পত্র নিয়ে সিনেমা রিলিজ করে দিচ্ছেন। সেখানে না আছে ডাবিং, না আছে প্রোপার কোনো বিষয়। এটা খুব দুঃখজনক।

আমি মনে করি না আমার দর্শকেরা এ রকম কিছু দেখার জন্য প্রস্তুত হয়ে আছে। তারা এটাকে ভালোভাবে নেবে কি না এ নিয়ে আমি চিন্তিত এবং লজ্জিত।’
ওমর সানী বলেছেন, হাসান জাহাঙ্গীর নাটক বানানোর কথা বলে সিনেমা রিলিজের ঘোষণা দিয়ে অনুচিত কাজ করেছেন। তিনি বলেন, ‘তুমি (হাসান জাহাঙ্গীর) যে কাজটা করেছ, এটা একদমই সঠিক নয়। অবিলম্বে আমি আইনের আশ্রয় নেব। মৌসুমীর সঙ্গে যদি কথা বলে নিতে পার, আমি সেই আমন্ত্রণ জানাই। তুমি যে ধরনের কাজ করে এটা রিলিজ করছ, আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’ এ ছাড়া চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিতে এ বিষয়ে চিঠি দিয়েছেন বলে জানান সানী। এ বিষয়ে হাসান জাহাঙ্গীর বলেন, ‘মৌসুমী ম্যাডাম সব জেনেই এই সিনেমায় কাজ করেছেন। যুক্তরাষ্ট্রে তাঁর একজন প্রতিনিধি সব ডিল করেছেন। দিন হিসেবে পুরো পারিশ্রমিক আমি দিয়ে দিয়েছি।.. বোর্ড থেকে যাচাই-বাছাই করেই তো সিনেমার ছাড়পত্র দিয়েছে।

ছাড়পত্র পাওয়ার পর মৌসুমী ম্যাডামকে ছাড়পত্র, সিনেমার টিজার, ট্রেলার, পোস্টার সব পাঠিয়েছি। তিনি কিন্তু কোনো আপত্তির কথা বলেননি। এখন কেন বলছেন, সেটাই রহস্য। ওমর সানী ভাই ১০-১২ দিন আগে ফোন করে হুমকি দিয়ে সিনেমা মুক্তি না দিতে বলেন। আমি বিষয়টি গুরুত্ব দিইনি। কিন্তু লাইভে এসে যেটা করলেন সেটা মানহানিকর। আমার সিনেমার ক্ষতি হয়ে গেল। এই সিনেমায় আমি মিশা সওদাগর ও অমিত হাসানকে নিতে চেয়েছিলাম। কিন্তু উনি (সানী) ফোন করে তাঁদের মানা করে দিয়েছেন। কিছু বলিনি। এবার যেটা করলেন সেটা মেনে নেওয়া যায় না। তিনি যদি লাইভে এসে সরি না বলেন তাহলে আমি ব্যবস্থা নেব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )