


রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামে মো. আব্দুর রশিদের ছেলে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে নিহতের পরিবার।
স্থানীয়রা জানিয়েছেন, রিয়াদ রশিদ নিহত হওয়ার এক সপ্তাহ পর গতকাল শুক্রবার রাতে বিষয়টি জানতে পারে তার পরিবার। চার ভাই ও তিন বোনের মধ্যে ছিলেন তৃতীয়। নিহতের পরিবার জানিয়েছে, গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশে রাশিয়ায় যান রিয়াদ রশিদ। গত ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি জানত না পরিবার।
শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত ফেসবুক মেসেঞ্জারে তার মৃত্যুর সংবাদটি জানান পরিবারকে। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
লিমন জানিয়েছেন, ২ মে রুশ সীমান্তে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হন রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয়। আহত হন তিন জন। এদিকে ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলছিলেন, ‘রিয়াদ সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে আমি কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় নাকি সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের লাশেরও সন্ধান পাচ্ছি না। বাবা হিসেবে এ কষ্ট কেমন করে সহ্য করব?’
জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেছেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি নিহত ব্যক্তির পরিবারের খোঁজ নিয়েছি।’ করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানিয়েছেন, রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে থানা পুলিশ।