1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত | দৈনিক সকালের বাণী
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৬ জন দেখেছেন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বান্নু জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে গত শনিবার রাতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পোস্টে ধাক্কা দিয়ে এই হামলা চালায়। বান্নুর আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানান, হামলার সময় পোস্টে মোট ১৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫ জন নিহত হন এবং তিনজন আহত হন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর সন্ত্রাসীরা ভারী গুলিবর্ষণ শুরু করে এবং একাধিক দিক থেকে পোস্টে হামলা চালায়। এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বান্নুর এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, হামলার সময় জঙ্গিরা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টারও ব্যবহার করে। সূত্র জানায়, হামলার পর কিছু সময়ের জন্য ফতেহ খেল পুলিশ পোস্টের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভয়াবহ বিস্ফোরণে পোস্টটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেখানে থাকা একটি সাঁজোয়া যানও ধ্বংস হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
হামলার পর সাজ্জাদ খানের নেতৃত্বে বান্নু পুলিশ অভিযান শুরু করে এবং নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে। পুলিশ শহরজুড়ে নিরাপত্তা জোরদার করে এবং অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করে। স্থানীয় বাসিন্দারাও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সমর্থন জানাতে এগিয়ে আসেন।

রেসকিউ ১১২২ জানায়, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। ধ্বংসস্তূপ থেকে ১৫টি মরদেহ এবং তিনজন আহতকে উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের এই সাহসী সন্তানরা জনগণের নিরাপত্তা ও শান্তিরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগ কখনো ভোলা যাবে না।
নকভি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং শহীদদের মর্যাদা বৃদ্ধি কামনা করেন। তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধ। এ ধরনের কাপুরুষোচিত হামলা আমাদের মনোবল দুর্বল করতে পারবে না।

রবিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদিকে ফোন করে এ হামলার তীব্র নিন্দা জানান। তিনি হামলায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শহীদ পুলিশ সদস্যদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করেন। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সন্ত্রাসবাদ নির্মূলে কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রাদেশিক সরকারের সঙ্গে সমন্বয় করে দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে কাজ চালিয়ে যাওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা প্রাদেশিক সরকারকে সর্বোচ্চ সহায়তা দেব।

সরকার দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় বারবার নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটছে। জঙ্গি সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনী উভয়ই হামলার শিকার হচ্ছেন। এ অঞ্চলে পুলিশ ও জিরগা সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন সহিংস ঘটনার পর জঙ্গি নেটওয়ার্ক দমনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় লক্ষ্যভিত্তিক অভিযান চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )