


নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ক্রিকেট দল। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এ প্রতিযোগিতায় ১২ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রিকেটাররা অংশ গ্রহন করেন। টুর্নামেন্টের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে রাজারহাট দল।
৩ মে প্রথম ম্যাচে ফুলবাড়ি উপজেলার বিপক্ষে ১০ ওভারের খেলায় ৬ উইকেটে জয়লাভ করে তারা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। এরপর ৮ মে অনুষ্ঠিত সেমিফাইনালে কুড়িগ্রাম জেলা দলকে ৫ উইকেটে পরাজিত করে ফাইনালে ওঠে রাজারহাট। রোববার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চর-রাজিবপুর উপজেলার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মাত্র ২ রানের ব্যবধানে জয় তুলে নেয় রাজারহাট।
এই রোমাঞ্চকর জয়ের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা ঘরে তোলে তারা। টুর্নামেন্টে ভালো খেলার স্বীকৃতি হিসেবে রাজারহাট উপজেলার আদনান, সাদমান ও অর্ঘ নাঈমসহ মোট চারজন ক্ষুদে ক্রিকেটার বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুল ইসলাম বেবুসহ অন্যান্য অতিথিবৃন্দ।