


কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি মৌজা কানিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে একটি লাশ চুরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
তবে এলাকাবাসীর সতর্কতায় লাশটি নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায় তারা। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) ওই গ্রামের আব্দুস সাত্তারের দ্বিতীয় ছেলে হারুন ঢাকায় আত্মহত্যা করেন। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে এনে শুক্রবার (২২ মে) রাতে দাফন সম্পন্ন করেন।দাফনের প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে হারুনের এক ভাগিনা কবর দেখতে গিয়ে দেখতে পান, কবরের বাঁশ সরিয়ে ভাঙার চেষ্টা করছে। বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এলাকাবাসীর ধারণা, দুর্বৃত্তরা লাশটি চুরি করার উদ্দেশ্যে কবর খুঁড়ছিল। কেউ কেউ আবার মনে করছেন, অপমৃত্যুর লাশের কাপড় সংগ্রহের জন্যও এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টিবিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।