1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাদকমুক্ত সমাজ গঠনে মুগদায় বসুন্ধরা শুভসংঘের শপথ কর্মসূচি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনে মুগদায় বসুন্ধরা শুভসংঘের শপথ কর্মসূচি

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮ জন দেখেছেন

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজধানীর মুগদায় মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ কর্মসূচির আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তরুণদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধেও সমৃদ্ধ হতে হবে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই।”

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটন বলেন, “যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে তরুণদের নিয়ে মানবিক, সচেতনতামূলক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা বিশ্বাস করি, তরুণদের নেতৃত্বেই গড়ে উঠতে পারে একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ।”

বসুন্ধরা শুভসংঘ মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ বলেন, “মাদকবিরোধী সচেতনতা কোনো একদিনের কর্মসূচি নয়; এটি একটি চলমান সামাজিক আন্দোলন। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

সংগঠনের সাধারণ সম্পাদক সাগর হোসেন বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও বড় হুমকি। তাই তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

আবদুল হান্নান মিলটনের সার্বিক তত্ত্বাবধানে এবং মুগদা থানা শাখার সভাপতি সোহান আহমেদ ও সাধারণ সম্পাদক সাগর হোসেনের নেতৃত্বে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারীদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। শপথে তারা মাদকমুক্ত সমাজ গঠন, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি রানা হোসেন ও আল-আমিন সিয়াম, সাংগঠনিক সম্পাদক শাওন আহম্মেদ, ধর্মবিষয়ক সম্পাদক রাব্বি হোসেন, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আয়েশা আকন ও জিনিয়া আক্তার, অর্থবিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জিসান আলম, পাঠাগার ও বিতর্কবিষয়ক সম্পাদক রাফসান আহমেদ রিফাত, শিশু ও নারীকল্যাণবিষয়ক সম্পাদক লিজা আক্তার ও সোনালী আক্তার এবং প্রচার ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাতুল আহমেদ।

এ ছাড়া সংগঠনের সদস্য আরাফাত, সিয়াম শেখ, ওমর, কামরুল, পাখি, কারিমা, লিভা, আরিফা ইসলাম, রিয়াদ, মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণেরা সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )