


কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলার ছিনাই এলাকায় বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোর এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজারহাটের ছিনাই ইউনিয়নের রামরতন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে আইয়ুব আলী। তিনি পেশায় সুপারি ব্যবসায়ী।
এ ঘটনায় অটোরিকশায় থাকা আরো দুই যাত্রীকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।