


আগামী শনিবার (১৩ জুন) পার্বতীপুর উপজেলা বিএনপির ও উপজেলা যুবদলের উদ্যোগে পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন, ঈদ পূনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আয়োজকরা এ অনুষ্ঠানকে ঐতিহাসিক অনুষ্ঠান বলে ঘোষণা করেছেন। অন্ষ্ঠুানে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. বখতিয়ার আহমেদ কচি, প্রধান বক্তা থাকবেন- বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রদল নেতা ও বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম। গতকাল বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলা যুবদল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানপূর্ব প্রস্তুতি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে আগামী শনিবার (১৩ জুন) এ অনুষ্ঠানকে ঐতিহাসিক বলে ঘোষণা করা হয়।
এসময় ২৪ জুলাই যোদ্ধা (গেজেটপ্রাপ্ত) ও উপজেলা যুবদলের সদস্য মঞ্জরল ইসলাম উপস্থিত ছিলেন। পার্বতীপুর উপজেলা যুবদলের আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) বলেন, পার্বতীপুরের ইতিহাসে এতবড় অনুষ্ঠান ইতিপূর্বে কখনও হয়নি। এখানে একদিকে যেমন বিশাল দলীয় কর্মী সমাবেশ হবে একই সাথে সাধারণ মানুষের বিনোদনের জন্য দেশ খ্যাত শিল্পী মনির খান, সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মৌ ও সুকুমার বডুরাসহ দেশের বহু বিশিষ্ট শিল্পী গান পরিবেশন করবেন।
সার্বিক তত্বাবধায়নে থাকা পার্বতীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব রশিদ সংগ্রাম বলেন, অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনাজপুর-৫ আসনের অন্তর্ভুক্ত পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন, স্থানীয় বিএনপি’র সাংগঠনিক পূর্নজাগরণের সূচনা হবে। বিএনপির ১৩ জুনের অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় সংগীত প্রিয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।