


কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। গতকাল রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিতাব খাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপা রানী রায় ওই এলাকার বাসিন্দা নির্মল রায়ের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়,নিপা রানী রায় নিয়মিত স্কুল ও প্রাইভেটে যাতায়াত করতেন। রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে।
পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান চালাচ্ছে। কী কারণে ওই তরুণী আত্মহননের পথ বেছে নিয়েছেন,তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মামুনুর রশীদ বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।