পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে (৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) ওবায়দুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল সেতাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লেবার লাইনপাড়ায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মুশিদহাট, লেবার লাইনপাড়ার বাসিন্দা জরিফুল ইসলাম (৪৩)-কে আটক করা হয়। পরে তার বসতবাড়ি সংলগ্ন কলাবাগানে তল্লাশি চালিয়ে ছোট-বড় মিলিয়ে ১৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাছগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশের এজাহার সূত্রে জানা গেছে, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলীয় জমির কলাবাগানে গোপনে গাঁজার গাছের চাষ ও পরিচর্যা করা হচ্ছিল। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় এফআইআর নং-২, জিআর নং-৬৮ (তারিখ: ৩ জুলাই ২০২৬) মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”