
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নালার পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড়ভিটা ও ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যবর্তী এলাকার একটি নালা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের নূর হোসেনের মেয়ে মোছা. লুশি খাতুন (৯) এবং বড়ভিটা ইউনিয়নের নওদাবাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে মোছা. আরশী (৮)।
তারা দুজনই রাবাইতারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার স্কুল ছুটি শেষে বাড়ি ফিরে বিকেলে একসঙ্গে খেলতে বের হয় লুশি ও আরশী। সন্ধ্যা হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় অনুসন্ধানের পরও তাদের কোনো সন্ধান মেলেনি।
পরে রাত সাড় ৮টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের একটি নালায় দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় সেখান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত নালায় পড়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাইম বলেন, “ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related