স্থানীয় সূত্রে জানা যায়, ওমান প্রবাসী তাজুল ইসলামের বাড়িতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ঘরের ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের বিদ্যুতের তারে ছড়িয়ে পড়লে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তীব্র তাপ ও আগুনের ব্যাপকতার কারণে তারা কাছে যেতে পারেননি।
খবর পেয়ে দ্রুত ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে বাড়ির চারটি আধাপাকা বিল্ডিংঘরসহ নগদ প্রায় চার লাখ টাকা, স্বর্ণালংকার, রুপার সামগ্রী, আসবাবপত্র, ধান, চাল ও ভুট্টাসহ পরিবারের মূল্যবান সব সম্পদ আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনের ভয়াবহতায় তারা ঘর থেকে কোনো কিছুই উদ্ধার করতে পারেননি। ফলে পরিবারটি এখন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মনজুর আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আশ্বাস দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজ দৌল্লা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।