1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাতমাথা থেকে জাহাজ কোম্পানি রোডের সংস্কারের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সাতমাথা থেকে জাহাজ কোম্পানি রোডের সংস্কারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

রংপুর মহানগরীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে সাতমাথা গোলচত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়ক, ড্রেন ও আধুনিক এলইডি স্ট্রিট লাইট স্থাপন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৯৮০ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটির আধুনিকায়ন করা হবে।

রবিবার রংপুর নগরীর সাতমাথা শহীদ মিনার চত্বরে সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের ফলক উন্মোচন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন। পরে সাতমাথা রেলগেট এলাকায় নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করে ৩০ নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, “সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সড়কটির উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি। আজ এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আশা করছি, নির্ধারিত সময়ে উন্নত মান বজায় রেখে কাজ সম্পন্ন হবে এবং নগরবাসী একটি আধুনিক ও টেকসই সড়ক উপহার পাবেন।”

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার আহ্বান জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়কের কারণে প্রতিদিন যানজট ও দুর্ভোগ পোহাতে হয়েছে। উন্নয়ন কাজ শেষ হলে নগরবাসীর চলাচল অনেক সহজ হবে। প্রকল্পের তথ্য অনুযায়ী, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর আওতায় “জাহাজ কোম্পানি ট্রাফিক মোড় হতে সাতমাথা গোলচত্বর পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণসহ এলইডি স্মার্ট লাইট স্থাপন” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের প্যাকেজ নম্বর এলজিসিআরআরপি/রংপুর/২০২৫-২৬/ডব্লিউ -৩০(রি-টেন্ডার আইডি-১২৮৫১৬৫)। ঠিকাদারি প্রতিষ্ঠান এমএই-এমএস জেভি, গোলদিঘী পাড়, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার কাজটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের আওতায় মোট ৩ হাজার ৭শ৯০ মিটার সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে ৩ হাজার ৬শ৮০ মিটার কার্পেটিং, ১শ১০ মিটার আরসিসি সড়ক, দুই পাশে মোট ৬শ মিটার (২দ্ধ৩০০ মিটার) আরসিসি ড্রেন, ড্রেনের ওপর ফুটপাত টাইলস, ২ হাজার ৫ শ মিটার রোড ডিভাইডার, ৮শ মিটার রোড সেপারেটর, ১শ৩০টি লাইট পোল এবং ২শ৬০টি আধুনিক এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী সেলিম হোসেন জুয়েল, সহকারী প্রকৌশলী নাহিদ ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের ব্যক্তিগত সহকারী মনিরুজ্জামান মনির, রংপুর মহানগর জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, রংপুর সিটি কর্পোরেশন ৩০ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু, ৩০ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রঞ্জন, মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম, জামায়াত নেতা অধ্যাপক বশির আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নগরীর অন্যতম ব্যস্ত এ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হলে যান চলাচল সহজ হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, আধুনিক আলোকসজ্জা নিশ্চিতকরণ এবং নগরবাসীর নিরাপদ চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )