1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসবে সম্মাননা পেলেন অভিনয়শিল্পী রাবেয়া মনি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসবে সম্মাননা পেলেন অভিনয়শিল্পী রাবেয়া মনি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

রংপুর নাট্যফোরামের উদ্যোগে চলচ্চিত্রে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত মঞ্চ, বেতার ও টেলিভিশন অভিনয় শিল্পী রাবেয়া আক্তার মনিকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত সাত দিনব্যাপী “৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬” এর সমাপনী দিনে এ সম্মাননা দেওয়া হয়।

গত ৮ আগস্ট শুরু হওয়া এই নাট্যোৎসবের উদ্বোধন করেন রংপুরের প্রবীণ নাট্যাভিনেতা, নাট্যকার, নির্দেশক বেনী মাধব বণিক। উৎসবের সমাপনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে বাস্তব ধর্মী নাটক মঞ্চায়নের আহবান জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে রংপুর নাট্যফোরামের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রেখে সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। পাশাপাশি ঘুণে ধরা সমাজব্যবস্থার পরিবর্তন ও একটি সুস্থ সমাজ গড়ে তুলতে বাস্তবধর্মী নাটক মঞ্চায়নে সাংস্কৃতিক কর্মীদের আরও এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসন মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, নাটককে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে পাড়া-মহল্লায় নাটক মঞ্চায়নের কোন বিকল্প নেই। এ সময় বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রিস্টপল হিমেল, রংপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার একেএম আরিফুজ্জামান।

শুভেচছা বক্তব্য দেন “৩৬ জুলাই রংপুর বিভাগীয় নাট্যোৎসব ২০২৬” এর সদস্য সচিব কাজী জাহিদ হোসেন লুসিড। রংপুর নাট্যফোরামের আহবায়ক চৌধুরী মাহমুদুন নবী ডলারের সভাপতিত্বে অনুষ্ঠানে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা আগামীতে রংপুর জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের সহযোগিতায় মাসব্যাপী নাট্যোৎসব আয়োজনের উদ্যোগ নেওয়ার আহবান জানান।

সম্মাননা গ্রহণ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে রাবেয়া আক্তার মনি, “আজকের এই সম্মাননা আমার কাছে শুধু সম্মাননা নয়, সবার ভালোবাসার বহিঃপ্রকাশ। ধন্যবাদ রংপুর নাট্যফোরাম, আমাকে এতবড় সন্মান দেবার জন্য। প্রতিভার মূল্যায়ন সবাই করতে পারে না বা করে না। ব্যাক্তির মূল্যায়ন করতেই সবাই পছন্দ করে। সে জায়গায় রংপুর নাট্যফোরামের এই সাহসী ও মহতী উদ্যোগকে স্বাগত জানাই । তাঁরা আমার মতো সামান্যকে যোগ্য মনে করে যে সন্মান দিয়েছেন, সেজন্য রংপুর নাট্যফোরামের সভাপতি সহ সকল কর্মীবৃন্দকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

সমাপনী পর্বে নাট্যকার মমতাজ উদ্দীন আহমেদের “যামিনীর শেষ সংলাপ ” নাটক পরিবেশন করে শব্দ নাট্যচর্চা কেন্দ্র, ঢাকা। নাটকটিতে অভিনয় করেন আব্দুল হাদী ও খোরশেদুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )