1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জ বাসস্ট্যান্ড নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

পীরগঞ্জ বাসস্ট্যান্ড নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ জন দেখেছেন
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে দুই পক্ষ। বৃহস্পতিবার সকাল ও বিকেলে পীরগঞ্জ ওভারব্রিজের আন্ডারপাসসংলগ্ন এলাকায় পৃথক ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
সকালে পৌরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে ওভারব্রিজের আন্ডারপাসসংলগ্ন সড়কের দুই পাশে বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ এবং সরকার নির্ধারিত বাসস্ট্যান্ডে সব কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।
মানববন্ধনকারীদের অভিযোগ, পীরগঞ্জে সরকার নির্ধারিত বাসস্ট্যান্ড থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ওভারব্রিজের আন্ডারপাসসংলগ্ন সড়কের দুই পাশে বাস থামিয়ে যাত্রী ওঠানামাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে ব্যস্ত মহাসড়কে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী ও যাত্রীদের দুর্ভোগ বাড়ছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশেষ করে বিশ্বরোডের উত্তর-পূর্ব পাশে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রায়ই যান চলাচল বাধাগ্রস্ত হয়। এতে পথচারী, শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও রোগীবাহী যানবাহনকে দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ওভারব্রিজের আন্ডারপাসসংলগ্ন সড়কে বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করা, সরকার নির্ধারিত স্থানে বাসস্ট্যান্ডের কার্যক্রম নিশ্চিত করা, বাসস্ট্যান্ড পরিচালনায় কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করা, ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
স্মারকলিপিতে আরও বলা হয়, পীরগঞ্জবাসী কোনো সংঘাত চান না। তারা শৃঙ্খলা, নিরাপত্তা ও যানজটমুক্ত সড়কব্যবস্থা চান। বিষয়টি জরুরি ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় কার্যকর ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
অন্যদিকে, বিকেলে একই এলাকায় দোকান মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে পাল্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাদের দাবি, বর্তমান বাসস্ট্যান্ডে যাত্রী না নামিয়ে অন্যত্র নামালে যাত্রীরা নিরাপত্তাহীনতা ও হয়রানির শিকার হতে পারেন। এ কারণে ওভারব্রিজের আন্ডারপাসের দুই পাশে বাস থামিয়ে যাত্রী ওঠানামার সুযোগ রাখার দাবি জানান তারা।
মোটর শ্রমিক ইউনিয়নের মানববন্ধনে বক্তব্য দেন পীরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জুয়েল ও কোষাধ্যক্ষ রাশেদুল ইসলাম। অপর মানববন্ধনে বক্তব্য দেন শহিদুল ইসলাম ও সুরুজ আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )