1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সিমিন রহমানের অনুপস্থিতিতে পিছিয়েছে সেভেন-আপ মামলার শুনানি | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সিমিন রহমানের অনুপস্থিতিতে পিছিয়েছে সেভেন-আপ মামলার শুনানি

ঢাকা অফিস
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৪ জন দেখেছেন
সেভেন-আপে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি কৃত্রিম মিষ্টিকারক উপাদান পাওয়ার অভিযোগে দায়ের করা মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে জারি করা সমনও যথাযথভাবে তামিল হয়নি। ফলে মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে অভিযোগ ওঠার পরও বাজারে সেভেন-আপের বিক্রি বন্ধ হয়নি। বিভিন্ন স্থানে পণ্যটির বেচাকেনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষায় নির্ধারিত মানের ব্যত্যয় পাওয়ার অভিযোগে কোমল পানীয় সেভেন-আপের বিরুদ্ধে মামলাটি করা হয়। বাংলাদেশে পণ্যটির বাজারজাতকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমানকে মামলার একমাত্র আসামি করা হয়েছে। গত ১৬ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন নিরাপদ খাদ্য আদালত।
সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত দিনে সিমিন রহমান আদালতে উপস্থিত হননি। পাশাপাশি তাঁর কাছে সমন পৌঁছানোর বিষয়টিও নিশ্চিত করা যায়নি। এ কারণে মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, সমন যথাযথভাবে জারি হলে আদালত প্রয়োজনীয় আদেশ দেওয়ার সুযোগ পেতেন। কিন্তু পুলিশের দায়িত্ব পালনে গাফিলতির কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে। এর ফলে অভিযোগ ওঠা সেভেন-আপের বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে পণ্যটির বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআইসহ সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় প্রশ্ন উঠেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, সেভেন-আপের নমুনা পরীক্ষায় অ্যাসপারটেম (মিথাইল ইস্টার) এবং অ্যাসিসালফেম পটাশিয়াম নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসারবিষয়ক গবেষণা সংস্থা আইএআরসি অ্যাসপারটেমকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে গ্রুপ ২বি শ্রেণিতে অন্তর্ভুক্ত করেছে।
২০২৩ সালের ১৪ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অ্যাসপারটেমের স্বাস্থ্যঝুঁকি ও ঝুঁকি মূল্যায়নসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার (আইএআরসি), বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ বিশেষজ্ঞ কমিটি অন ফুড অ্যাডিটিভস (জেইসিএফএ) এ মূল্যায়নের সঙ্গে যুক্ত ছিল।
আইএআরসির গ্রুপ ২বি শ্রেণিতে এমন উপাদানকে রাখা হয়, যেগুলোর ক্ষেত্রে মানুষের শরীরে ক্যানসার সৃষ্টির বিষয়ে সীমিত প্রমাণ পাওয়া গেছে। গবেষণায় অ্যাসপারটেমের সঙ্গে যকৃতের ক্যানসার বা হেপাটোসেলুলার কার্সিনোমার সম্ভাব্য সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়েছে। তবে কোনো উপাদানকে গ্রুপ ২বি শ্রেণিতে অন্তর্ভুক্ত করার অর্থ এই নয় যে সেটি নিশ্চিতভাবে ক্যানসার সৃষ্টি করে।
অন্যদিকে অ্যাসিসালফেম পটাশিয়াম একটি কৃত্রিম শূন্য-ক্যালরির মিষ্টিকারক। সাধারণ চিনির তুলনায় প্রায় ২০০ গুণ বেশি মিষ্টি হওয়ায় বিভিন্ন খাদ্য ও পানীয়তে এটি ব্যবহার করা হয়। অভিযোগে বলা হয়েছে, সেভেন-আপের নমুনায় এই উপাদানটিও অনুমোদিত মাত্রার অতিরিক্ত পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম মিষ্টিকারকের অতিরিক্ত গ্রহণ নিয়ে স্বাস্থ্যগত উদ্বেগ রয়েছে। বিশেষ করে ফেনাইলকিটোনুরিয়া রোগীদের জন্য অ্যাসপারটেম ঝুঁকিপূর্ণ, কারণ তাঁদের শরীরে ফেনাইলঅ্যালানিন বিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় সমস্যা থাকে।
মামলার অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্ধারিত মানের সঙ্গে পরীক্ষার ফলাফলের অসামঞ্জস্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অ্যাসিসালফেম পটাশিয়ামের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি নির্দিষ্ট এককে ৩০০ মিলিগ্রাম হলেও পরীক্ষায় পাওয়া গেছে ৪৫০ মিলিগ্রাম। একইভাবে অ্যাসপারটেমের নির্ধারিত সর্বোচ্চ মাত্রা ৭০০ মিলিগ্রামের বিপরীতে পাওয়া গেছে ১ হাজার মিলিগ্রাম।
এ ছাড়া পরীক্ষাগারে রাসায়নিক বিশ্লেষণের ছয়টি প্যারামিটারের মধ্যে পাঁচটিতেই উল্লেখযোগ্য তারতম্য পাওয়া গেছে বলে মামলার সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।
এ পরিস্থিতিতে বাজার থেকে অভিযোগ ওঠা সেভেন-আপের সংশ্লিষ্ট লট প্রত্যাহার এবং বিষয়টি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের আশঙ্কা, প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে শিশু-কিশোরসহ সাধারণ ভোক্তারা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে পারেন।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি শফিকুজ্জামান বলেন, কোনো পণ্য মানহীন প্রমাণিত হলে দ্রুত বাজার থেকে তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া উচিত। এ ক্ষেত্রে কেন এমন ব্যবস্থা নেওয়া হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা ব্যাখ্যা করা প্রয়োজন। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। জনস্বাস্থ্যের ঝুঁকির প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। ক্যাবও বিষয়টি দেখবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে কাজ করা মাহবুব কবীর মিলন বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড (বিডিএস) অনুযায়ী নির্ধারিত মান অনুসরণ না করা শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে সেভেন-আপের দায় এড়ানোর সুযোগ নেই। এমনকি পণ্য নির্ধারিত মান বজায় রাখলেও লেবেলে প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকলে সেটিও শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।
এ বিষয়ে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির হেড অব ব্র্যান্ড শরিফুদ্দিন শ্যামলকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে বক্তব্য চাওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। একই সঙ্গে ট্রান্সকম বেভারেজেস এবং সেভেন-আপের মূল প্রতিষ্ঠান পেপসিকোর কাছে ই-মেইলে বক্তব্য চাওয়া হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )