


কুড়িগ্রামের উলিপুরে বসত বাড়ির বারান্দার গ্রীল খুলে মোটরসাইকেল চুরি করেছে সংঘবদ্ধ চোর চক্র। সোমবার (১৪ অক্টোবর) ভোর রাতে উলিপুর পৌর সভার নারিকেল বাড়ি পূর্ব ছড়ারপাড় মৃত চাঁদ উল্যা ব্যপারীর ছেলে বিপ্লব খন্দকার কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তার শয়ন ঘরের লোহার গ্রীল দিয়ে ঘেরা বারান্দায় মোটরসাইকেল লক করে রেখে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির মূল গেটের গ্রীল খুলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। তাৎক্ষণিক আশপাশে বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও মোটরসাইকেলটির সন্ধ্যান মেলেনি। চুরি হওয়া সুজকি ব্রান্ডের ১৫৫ সিসি মোটরসাইকেল যার চেচিস নং- জগইখ-ঊউ১৩ঋ-১০৬৬১৪ ইঞ্জিন নং- ইএঅ১-৮১৮২৮৯ রেজি. নং- রংপুর মেট্রা-ল-১১-৪১৬৪ মূল্য ২,৭৫,০০০/-টাকা। এ ঘটনায় ভুক্তভোগী বিপ্লব খন্দকার কালাম উলিপুর থানায় অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।