1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ব্যাটিং-বোলিংয়ের পর শান্ত এখন ‘উইকেটকিপার’ | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্যাটিং-বোলিংয়ের পর শান্ত এখন ‘উইকেটকিপার’

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন

বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এর আগে ক্রিকেট মাঠে দুই (ব্যাটিং-বোলিং) ভূমিকায় দেখা গেছে। তবে স্বীকৃত ক্রিকেটে তিনি কখনও উইকেটরক্ষক ছিলেন কি না, তা মনে করতে বেশ বেগ পেতে হতে পারে। সেই অপূর্ণতা পূরণ করলেন আজ (মঙ্গলবার)। বিপিএলে ফরচুন বরিশালের একাদশে শান্ত’র নামের পাশে ‘উইকেটরক্ষক’ শব্দটি প্রথমে চমকে দিয়েছিল, পরে তার হাতে গ্লাভস আর পায়ে প্যাড দেখেই সেই চমক ভেঙেছে!

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। যেখানে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ফলে সিলেটের বিপক্ষে কিপারের গ্লাভস-প্যাড পরে উইকেটের পেছনে দাঁড়ান বরিশালের শান্ত। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১২৯টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, তাকে কখনও উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায়নি।

Image

কেবল তাই নয়, অনূর্ধ্ব-১৯ দলেও দেশের হয়ে সাদা কিংবা লাল বলের কোনো ম্যাচে কিপার হিসেবে খেলেননি শান্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের ১৬৯ ম্যাচেও এই অভিজ্ঞতা তার ছিল না। শান্ত’র আজ সেই ‍সুযোগ মিলেছে নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ইনজুরি ও বিকল্প কিপার প্রিতম কুমার একাদশে না থাকায়। ঢাকায় বরিশালের শেষ ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিক, সে কারণে সিলেটে গত ম্যাচেও তিনি উইকেটের পেছনে দাঁড়াননি। আজও তিনি আছেন দলের সাধারণ ফিল্ডার হিসেবে।

এদিকে, গত ম্যাচে বিকল্প কিপার প্রিতমকে সুযোগ দিতে শান্তকে একাদশের বাইরে রেখেছিল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে এই উইকেটরক্ষক ব্যাটার সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে মাত্র ৩ রান করে আউট হয়ে যান প্রিতম। তবে তামিমের ৮৬ রানের দুর্দান্ত ইনিংস ও মুশফিকের ক্যামিওতে ম্যাচটি বরিশালই জিতেছে। তবে ঠিকই কপাল পুড়েছে প্রিতমের, তাকে বসিয়ে রেখে শান্তকেই উইকেটরক্ষক হিসেবে নামাল বরিশাল।

প্রসঙ্গত, দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন শান্ত। তবে ক্যারিয়ারের বড় সময় তাকে ওপেনিংয়ে দেখা গেছে। এ ছাড়া অফস্পিনেও সক্ষমতা আছে বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট অধিনায়কের। বরিশাল চলতি বিপিএলে এখন পর্যন্ত তিন ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে। এর মধ্যে দুই ম্যাচ খেললেও বলার মতো রান পাননি শান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )