
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, ৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ১৬৯ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৪৫ জন চিকিৎসক থাকায় এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগের শিকার হওয়ায় সংকট দূরীকরণের দাবিতে ৯ দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে সকাল থেকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে অনশন কর্মসূচি শুরু করে তারা।
অনশনকারীদের দাবি বৈষম্য দূর করে শূন্য পদ গুলোতে চিকিৎসক পদায়ন করে চিকিৎসা সেবা নিশ্চিত করা। একই সাথে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন নির্মাণ হয়ে পড়ে থাকা আড়াইশ শয্যা ভবন চালু।
এতে বক্তব্য রাখেন, জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এড. আহসান হাবিব সরকার, ফোরামের উপ সমন্বয়ক ওয়াসিম আকরাম, সদস্য মানিক খান, সদস্য রনি মিয়াজী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, জেলার সরকারি হাসপাতালগুলোর ১৬৯ টি চিকিৎসকের পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ৪৫ জন। জরুরী রোগী নিয়ে গেলেই তাদের রেফার্ড করা হয়। রাত দুপুরে রোগী নিয়ে ছুটতে হয় রংপুর, দিনাজপুর কিংবা ঢাকায়। পথেই মৃত্যু হয় অনেক রোগীর। তাই স্বাস্থখাতে এই বৈষম্য দূর করে ৯ দফা দাবিও জানান তারা।
এদিকে অনশন কর্মসূচীর খবর পেয়ে দুপুর ১টায় পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান খবর পেয়ে অনশন কর্মসূচীতে গিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সাথে অনশন কর্মসূচী পালন করা তরুণদের দুপুর দেড়টায় পানি খাওয়ায় অনশন কর্মসূচী ভাঙ্গান জেলা প্রশাসক সাবেত আলী।
পরে সময় জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে দাবি তুলে আগামী ১৫ দিনের মধ্যে বৈষম্য দূর করে শুন্য পদগুলোতে চিকিৎসক পদায়নের দাবি জানান তারা। অন্যথায় কঠোর অনশন কর্মসূচী পালন করার হুঁশিয়ারি দেয় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এড আহসান হাবিব সরকার।
পঞ্চগড় সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বলেন, পঞ্চগড়ে চিকিৎসক সংকট নতুন না। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে আমি পঞ্চগড়ে আসার পর সকল সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশা করি এই তরুণরা যে দাবি উপস্থাপন করে অনশনে বসেছে সেটা বাস্তব দাবি। অতি দ্রুত এ সমস্যা সমাধানে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলছি। একই সাথে তাদের আজকের এই অনশন কর্মসূচী ভাঙ্গার জন্য আমরা এসেছি।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, সিভিল সার্জন মিলে আমি এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে একটি করে পরিপত্র পাঠানো হয়েছে। একই সাথে স্বাস্থ্য সেবার মান উন্নিত করার জন্য অবগত করা হয়েছে। আশা করছি স্বাস্থ্য খাতের সকল সমস্যা দ্রুত সমাধান হবে।
Related