
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফে জমির সীমানা নির্ধারণের সময় পারিবারিক কলহের জেরে শহিদুল্লা (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়ভাবে তিনি ‘বঙ্গ’ নামে পরিচিত ছিলেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
শনিবার (৮ ফেব্রুয়ারি) পাকুড়িয়া শরীফ এলাকায় সকাল ১১ : ০০ টায় পারিবারিক জমির সীমানা নির্ধারণের জন্য একজন আমিন (জমি পরিমাপক) আনা হয়। জমি মাপার সময় নিহত শহিদুল্লার দুই ভাতিজা মৃত্যু পেয়ারার ছেলে আদিব ও আদনান সেখানে উপস্থিত ছিলেন।একপর্যায়ে বড় ভাতিজা আদিব আমিনের হাত থেকে নথিপত্র ছিনিয়ে নেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এসময় চাচা শহিদুল্লা (বঙ্গ) পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে, আদিব প্রকাশ্যে তাকে( বঙ্গ) থাপ্পড় মারেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহিদুল্লাকে তার দুই ভাতিজা মারধোর করলে সেখানেই তিনি অসুস্থ হয়ে পরেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত্যু পেয়ারার ছেলে আদিব ও আদনান পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যেই তাকে মারধোর করেছে,অসুস্থ অবস্থায় তাকে ( বঙ্গ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মৃত্যু সনদে “Brought Dead” (অর্থাৎ হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে) হিসেবে উল্লেখ করা হয়েছে।
এলাকাবাসী মনে করছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে । স্থানীয়রা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে নিহতের স্ত্রী বলেন, আমি আইনের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।
ঘটনার বিষয়ে গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আল এমরান বলেন, এখনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Related